নীলা হত্যার প্রধান আসামি মিজানুর রিমান্ডে

রাজধানীর সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা নির্মল চন্দ্র দাস আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তে প্রয়োজনে দশ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
অপর দিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে অধিকতর তদন্তের স্বার্থে বিচারক মিজানুরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় কর্নেল ব্রিক ফিল্ডের পাশে পারভেজ নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকুও উদ্ধার করে পুলিশ। তারও আগে ২৫ সেপ্টেম্বর মিজানের মা বাবাকে দুই দিনের রিমান্ডের পাঠিয়েছেন আদালত।



