ভূরাজনীতি

করোনা দুর্যোগ মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই: কাদের

করোনা দুর্যোগ মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে আসুন আমরা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই।  আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে করোনার কালো মেঘ অচিরেই কেটে যাবে।  ইনশাআল্লাহ্।

শুক্রবার (১ মে) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে এই সংকটে স্বাস্থ্যখাতের সীমাবদ্ধতা  স্পষ্ট হয়ে উঠছে।  আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, একথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য আছে ; আছে অভিজ্ঞতাও।  সাহস হারানোর কোন কারণ নেই।  আমাদের রয়েছে শেখ হাসিনার মত সাহসী ও সৎ নেতৃত্ব।  আমাদের সীমাবদ্ধতা আমরা অতিক্রম করে যাচ্ছি। টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে।  বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে। এখন উনত্রিশটি সেন্টার থেকে করোনা টেস্ট করা হবে।

তিনি বলেন,  ফ্রন্টলাইনে থেকে করোনা যোদ্ধারা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন প্রতিটি দিন;  সেজন্য সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।  সরকার ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে।

মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের শ্রমজীবী মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।  মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ইতোমধ্যে করোনাকালে কষ্টে নিপতিত পরিবহন শ্রমিকসহ, শ্রমিকদের তালিকা অনুযায়ী সাহায্য প্রদানের যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Back to top button