বিদেশিদের নাগরিকত্ব দেবে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিরাতে কয়েক যুগ বাস করেও নাগরিকত্ব পান না কোনও বিদেশি। এই নীতি পাল্টিয়ে যুগান্তকারী এক সিদ্ধান্তই নিল সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে এ সংক্রান্ত আইনটিও সংশোধন করেছে আমিরাত সরকার। করোনা মহামারিতে উপসাগরীয় কোনও দেশে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপই মনে করা হচ্ছে।
শেখ মোহাম্মদ বলেন বলেন, ‘নতুন আইন সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কারা নাগরিকত্ব পাবেন সেটা চূড়ান্ত করবে আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী পরিষদ।’
মূলত দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে নাগরিকত্ব আইনে সংশোধন আনা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ মানুষকে আকৃষ্ট করা সম্ভব হবে। আমিরাতের পাসপোর্ট গ্রহণকারীরা নিজ নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলে আরব দেশটির সরকার জানিয়েছে। সূত্র: বিবিসি



