দ. আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারিয়ে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল তামিমের দল।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদেরকেই হারানোর ইতিহাস খুব কম দলেরই আছে। সে ক্ষেত্রে ইতিহাসের পাতায় নাম লিখলো টাইগাররা।
তাসকিনের তাণ্ডবের পর লিটন-তামিমের উদ্বোধনী জুটিতেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা। এই জয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেল সাকিব-তামিমরা।
নিজেদের মাঠে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাভুমার দল। কিন্তু মাঠে নেমে বলিং-এ তাসকিন-শরিফুল-সাকিবদের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান। মাত্র ১৫৪ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
জবাবে লক্ষ্য তাড়া সহজ হয়ে যায় তামিম-লিটনের উদ্বোধনী জুটিতেই। অর্ধশতক থেকে ২ রান দূরে থামেন লিটন। কেশব মহারাজকে ড্রাইভ করতে গিয়েছিলেন, তবে ঠিকঠাক তুলতে পারেননি।
শর্ট কাভারে বাভুমার হাতে ধরা পড়েন তিনি। ৫৭ বলের ইনিংসে লিটন মেরেছেন আটটি চার। ১২৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাকিবকে নিয়ে বাকি কাজটা সারেন তামিম। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তামিম। ১৪ চারে ৮২ বলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন তামিম। অন্যদিকে সাকিব করেন ২০ বলে ১৮ রান।
সিরিজ ও ম্যাচজুড়ে দারুণ ফর্মে থাকা তাসকিন সিরিজসেরা ও ম্যাচসেরার পুরস্কার পান।



