বাংলাদেশ

ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় আটক ২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজন হলেন, প্রধান আসামি আসাদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ৪টার দিকে দিনাজপুরের কালিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের যৌথ টিম। এসময় আসাদুলকে তার বোনের বাড়ি গ্রেফতার করা হয়।  এছাড়া আরেক অভিযানে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।  পরে রাতেই তাদের র‍্যাব-১৩ এর হেডকোয়ার্টার রংপুরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ইউএনও ওয়াহিদা খানমের ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।   ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

 

Related Articles

Leave a Reply

Back to top button