বাংলাদেশ

তুমব্রু সীমান্তে গোলাগুলি: এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর

সীমান্ত পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি, কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৯ জন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা নেয়া হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুস্তফা কামরুল আখতার গণমাধ্যমকে আরো বলেন, কয়েকদিন ধরেই সীমান্তে অস্থিরতার খবরে পরিস্থিতি মোকাবিলায় আমরা বিকল্প ভেন্যু তৈরি করে রেখেছিলাম। কিছুক্ষণ আগে বান্দরবানের জেলা প্রশাসক মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম কেন্দ্রের কাছে গোলাবর্ষণজনিত কারণে কেন্দ্রটি পরিবর্তন করার কথা বলেন। বিষয়টি মন্ত্রণালয়ে জানানোর সঙ্গে সঙ্গে সচিব ফোনে অনুমোদন দিয়েছেন। এরপরই উখিয়া কক্সবাজারে ঘুমধুম কেন্দ্র স্থানান্তরিত করার জন্য তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি। এখন এই কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কাজ করছেন। কোনো পরীক্ষার্থী চলে এলে পৌঁছে দিতে ঘুমধুম কেন্দ্রে কিছু যানবাহন প্রশাসনের পক্ষ থেকে রাখা হবে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই মাইকিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button