দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

মেহেদী হাসান; সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:
বিদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে অনলাইন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালায় তাদের প্রতিরোধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সামনে আরো জোরদার করা হচ্ছে, বিদেশ থাকলেও কেউ আইনের বাহিরে যাওয়ার উপায় নাই।
তিনি গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেইরা নাসির স্কয়ার কার্লটন হোটেলে প্রবাসী রাংগুনিয়াবাসী আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, বিদেশে থেকে অপপ্রচার চালালেও রেহাই পাওয়া যাবে না, ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি-জামাত একটি কথাও বলেনি উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আসলে এরা ক্ষমতায় যাওয়ার জন্যই শুধু ধর্মকে ব্যবহার করে এবং ইতিমধ্যে দেশের সাধারণ মানুষ তা বুঝতে পারছে তাই তাদের প্রত্যাখ্যান করবে সামনের নির্বাচনে।
সোহরাব হোসেন ও সাইফুল ইসলাম তালুকদারের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পরিষদ আবু ধাবি শাখার সভাপতি ইফতেখার আহমেদ বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারাল দুবাইয়ের কনসাল জেনারাল বি এম জামাল হোসেন।
উক্ত অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মাওলানা ফজলুল কবীর চৌধুরী এবং দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।



