বাংলাদেশ

তিস্তার পানি নিয়ে ভারতকে ‘প্রেসারে’ রেখেছি: পররাষ্ট্রমন্ত্রী

বহুল কাঙ্ক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে চাপে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের আগেই এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের ঢাকা সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ড. মোমেন বলেন, ‘তিস্তার পানি নিয়ে আমাকে সারাক্ষণ প্রশ্ন করা হয়। আমি বলেছি, তিস্তা চুক্তির খসড়ায় সই হয়েছিল। আর যে খসড়ায় সই হয় সেটা বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়। আমরা তিস্তা নিয়ে ভারতকে প্রেসারে (চাপে) রেখেছি।’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের একটি নদী থেকে আমরা সেচের জন্য পানি চেয়েছি। সেই পানি পেলে ৫ হাজার একর জমি চার সম্ভব হবে। এটা নিয়ে আলোচনা চলছে।’

সংবাদ সম্মেলনে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম উপস্থিত ছিলেন।

তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে গার্ড অব অনার দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button