ইকোবিজ

ডলার কারসাজি: এবার ৬ ব্যাংকের এমডিকে শোকজ

প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির ‘প্রমাণ পাওয়ায়’ ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বুধবার (১৭ আগস্ট) এই ছয় ব্যাংকের এমডি বরাবর শোকজের চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আরেকটি চিঠিতে বলা হয়, ডলার বিক্রির অতিরিক্ত মুনাফা ব্যাংকের আয় হিসেবে দেখানো যাবে না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, শুধু এই ছয়টি ব্যাংক নয়, প্রতিটি ব্যাংকই নজরদারিতে রয়েছে। প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন করা হবে। প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ওই ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়ে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মধ্যে গত বছরের শেষ দিক থেকে ডলারের দাম বাড়ছিল। এ বছরের মে মাসের মাঝামাঝি সময়ে খোলা বাজারে ডলারের বিনিময় হার প্রথমবারের মত ১০০ টাকা ছাড়িয়ে যায়।
কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় বাজারে ডলার ছাড়ার পাশাপাশি কিছু পদক্ষেপ নেওয়ায় সেসময় পরিস্থিতি কিছুটা সামলে উঠতে পারলেও জুলাই মাসের মাঝামাঝি সময়ে আবার এই আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার ১০০ টাকা ছাড়ায়। ১১ আগস্ট তা ১২১ টাকা ছাড়িয়ে যায়, যা ইতিহাসের সর্বোচ্চ।

Related Articles

Leave a Reply

Back to top button