৫০ টনের ক্রেন তুলছিল ৭০ টনের গার্ডার; চালাচ্ছিলেন সহকারী

রাজধানীর উত্তরায় বাস র্যাপিট ট্রানজিট (বিআরটি) প্রকল্পের যে ক্রেন থেকে প্রাইভেটকারের ওপর গার্ডার পড়েছে সেটির সক্ষমতা ছিল ৪৫-৫০ টন। কিন্তু দুর্ঘটনার সময় ক্রেনে যে গার্ডার ছিল সেটির ওজন ছিল ৬০-৭০ টন। সেই ক্রেনটির ছিল না ফিটনেস। ক্রেনটি ছিল অনেক পুরাতন।
সেসঙ্গে ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তার নাম রাকিব হোসেন (২৩)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ক্রেনের মূল চালক ছিলেন আল আমিন। তার হালকা যানের লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন আল আমিনের সহকারী রাকিব হোসেন। সে সময় আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন।
দুর্ঘটনার পর অপারেটর আল আমিন ও হেলপার রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর আগে এ ঘটনায় গ্রেপ্তার ১০ জন করে র্যাব। বুধবার (১৭ আগস্ট) রাতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আল আমিন হোসেন হৃদয়, সহকারী রাকিব হোসেন, দুর্ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল, মো. আফরোজ মিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ, হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন তুষার, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা ও মো. মঞ্জুর ইসলাম।



