ভূরাজনীতি

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসুন: বিএনপিকে হাছান

বিএনপিকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১ আগস্ট) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় শেষে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিকে অনুরোধ জানাবো আজ এ পবিত্র দিনে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে গড়তে চাই। আসুন সম্মিলিতভাবে দেশকে গড়ি। করোনা ভাইরাসের হাত থেকে দেশকে মুক্ত রাখার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করি।’

করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষার করার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার পৃথিবীর যে কয়টি দেশে সর্বনিম্ন; বাংলাদেশের অবস্থানও তাদের মধ্যে। যদি সরকার সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারতো, তাহলে করোনাভাইরাসে আমাদের দেশে ভারত-পাকিস্তানের চেয়েও বেশি মৃত্যু হতে পারতো। সরকারের সঠিক নেতৃত্বের কারণেই আমাদের এ সফলতা।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ্, আগামী ঈদ যেন সম্পূর্ণ করোনামুক্ত পরিবেশে উদযাপন করতে পারি, এটি আমাদের প্রত্যাশা।’

Related Articles

Leave a Reply

Back to top button