তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন জানিয়েছেন, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এগারোটি জেব্রা, বাঘ এবং সিংহসহ বিভিন্ন প্রাণী মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ঐরাবতী বিশ্রামাগারের সামনে সরেজমিন পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মো: শাহাব উদ্দিন বলেন, কারো ইন্ধনে বা কোনো ব্যক্তির কারণে এসকল বন্যপ্রাণী মারা গিয়ে থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যেই এর কারণ নির্ণয় করতে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ ব্যক্তিগণ ফলাফল বিশ্লেষণ করছেন। জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে।
মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। একাজে সিআইডি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করবে। তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাফারি পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্ত এবং ভেটেরিনারি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
মন্ত্রী এসময় বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহোযোগিতা কামনা করেন।



