ঢালাওভাবে দুর্নীতিবাজ বানাতে চাইলে সতর্ক থাকতে হবে: কাদের

কিছু কিছু মিডিয়া ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তি অপরাধ করলে বিচার হবে। কিন্তু ঢালাওভাবে দুর্নীতিবাজ বানাতে চাইলে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের।
শুক্রবার (২১ জুন) বিকেলে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,
আজ যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, তাদের পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। আওয়ামী লীগ কচুপাতার ওপর ভেসে থাকা পানি নয়।
বিএনপি গুজব ছড়াচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে ২৮ অক্টোবর পালিয়ে গেছে বিএনপি। তাই তাদের আন্দোলনে জনগণ নেই। বিএনপির আন্দেলন আন্দোলন নয়! আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেয়া হবে।
সরকার, আওয়ামী লীগ, পুলিশ সবার ওপর ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে কিছু কিছু মিডিয়া, যোগ করেন তিনি।
কাদের বলেন, ব্যক্তি অপরাধ করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন,
আইন-আদালত স্বাধীন। তাই বিচার হবেই। কিন্তু ঢালাওভাবে দুর্নীতিবাজ বানাতে চাইলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। যতদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, ততদিন বাংলাদেশের জন্য কাজ করে যাবে।
তিনি বলেন, আগেও ষড়যন্ত্র ছিল, এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবে মাটি ও মানুষের এই দল।



