অন্য খবর

বুয়েটের ‘অক্সিজেন’ উৎপাদন ও ব্যবহারের অনুমতি দিলো ঔষধ প্রশাসন

করোনাভাইরাসে সংক্রমিতদের অক্সিজেনের চাহিদা পূরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত যন্ত্র ‘অক্সিজেট’ সীমিত আকারে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

বুধবার (২৮ জুলাই) রাতে ঔষধ প্রশাসন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে বুয়েটকে ২০০ ইউনিট অক্সিজেট উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে।

মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ২০০ ইউনিট অক্সিজেট উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে বুয়েটকে। সেগুলোর কার্যকারিতা দেখার পরে বড় পরিসরে এই ডিভাইস ব্যবহার করা যায় কি না, সে বিষয়টি পর্যালোচনা করা হবে।

প্রসঙ্গত, ড. তৌফিক হাসানের তত্ত্বাবধানে বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল প্রায় ১০ মাস গবেষণার পর সি-প্যাপ ভেন্টিলেটর যন্ত্র উদ্ভাবন করেন বলে জানানো হয়। এর নাম দেওয়া হয় অক্সিজেট। জানানো হয়, সহজে ব্যবহার ও বহনযোগ্য এই ডিভাইস পরিচালনায় বিদ্যুতেরও প্রয়োজন হয় না।

এই যন্ত্র কোনো প্রকার বিদ্যুৎ শক্তি ছাড়াই শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডার বা মেডিক্যাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করা যাবে। মে মাসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Back to top button