ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে

শুরু হয়েছে ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরি কমিটির নির্বাচন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টা থেকে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে সরকার দল আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেল।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
তিনি বলেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) প্রথম দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। একই সঙ্গে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবারও। এবারের নির্বাচনে ১৯ হাজার ৮০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জানা গেছে, এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু।
নির্বাচনে দুই প্যানেল ছাড়াও সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে দুজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন।



