ঢাকায় চীনা প্রতিরক্ষামন্ত্রী

একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেঙ্গিকে স্বাগত জানিয়েছেন।
বিমানবন্দর থেকে ফেঙ্গি সরাসরি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফেঙ্গি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রীর এ ঢাকা সফর।
দক্ষিণ এশিয়ার ৬ দেশ নিয়ে চীনের উদ্যোগে ভ্যাকসিন সহযোগিতা জোটে বাংলাদেশ থাকবে বলে সম্মতি দিয়েছে। তাই এই সফরে ভ্যাকসিন বিষয়ে কোনও বার্তা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, বাংলাদেশ সরকার চাইরে যেকোনও মুহূর্তে চীন টিকা পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে শুরুতে বাংলাদেশকে ৫-৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে চীন।
চলমান করোনা পরিস্থিতির কারণে ভ্যাকসিন ইস্যু ছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সমরাস্ত্রের বড় উৎস চীনের সঙ্গে প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের সঙ্গে ঢাকার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের উদ্যোগের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে বাংলাদেশ যেন বিমুখ না হয় সেদিকেও নজর রাখবে বেইজিং।



