
বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত উন্মুখ হয়ে আছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন।
জয়সওয়াল বলেন, গত ১৭ তারিখ শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।
তিনি বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে, বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত উন্মুখ হয়ে আছে।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এরপর গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে আরেক দফা অবনতি ঘটে দু’দেশের সম্পর্কে।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে ১৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ, সেসময় মিশনে ঢিলও ছোড়া হয়। এরপর চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
পরের দিন ২২ ডিসেম্বর দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।
এর মধ্যে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গতি পায় দুই দেশের ভিসা কার্যক্রমও। শুক্রবার থেকে দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন।

★ দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন
প্রায় দুই মাস পর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবারও ভিসা সেবা চালু হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয় বলে ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিসেবা শুরু হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।
এদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের তরফে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।
নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থন দেওয়ার কথা বলেন।



