বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কাজল ২ দিনের রিমান্ডে

দৈনিক ‘পক্ষকাল’ সম্পাদক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর হাজারিবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, সাংবাদিক কাজলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই) মো. রাসেল মোল্লা। তবে, এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকেই তাকে উপস্থিত দেখানো হয়।

আদালতে সাংবাদিক কাজলের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরদিন (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের অভিযোগে কাজলকে আটক করে মামলা করে বিজিবি।

Related Articles

Leave a Reply

Back to top button