ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই

অর্থনৈতিক, কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন বিষয়ে জ্ঞান বিনিময় ও সহযোগিতার আশ্বাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গুলশান ডিএনসিসি নগরভবনের সম্মেলন কক্ষে মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সমঝোতা স্মারকে সাক্ষর করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং আনহুই প্রদেশের ফরেন অ্যাফেয়ারস বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং জায়োলিন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আজকের এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এর ফলে দুই সিটির মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।



