‘লন্ডনভিত্তিক অশুভ চক্রের অংশ’ আল-জাজিরার প্রতিবেদন: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল-জাজিরায় প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পেছনে ‘লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে। জনগণ মনে করেন, এ প্রতিবেদন ‘লন্ডনভিত্তিক অংশ’।’
বুধবার (৩ ফেব্রুয়ারি) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে আল-জাজিরার ওই প্রতিবেদনের সমালোচনা করেন তিনি ।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও উন্নয়ন, অর্জন এবং অগ্রগতিকে এখনও মেনে নিতে পারেনি, তারাই এ প্রতিবেদনের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় লিপ্ত’।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকারের সমালোচনাও করছে। দেশের এতো ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া যেখানে কোনও ধরনের তথ্য পায়নি, সেখানে আল-জাজিরা টেলিভিশনে শেখ হাসিনাকে নিয়ে ‘অসত্য তথ্য প্রচার’ অত্যন্ত নিন্দনীয়।’
আল-জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এধরনের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন বন্ধেরও আহ্বান জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার অন্যায়-অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে “শূন্য সহিষ্ণুতা” নীতি স্পষ্ট করছে। বাংলাদেশের আইন নিজস্ব গতিতে এবং স্বাধীনভাবে চলছে।’
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে বলেও জানান সেতুমন্ত্রী।



