বাংলাদেশ
হিরো আলমের ওপর হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তীব্র নিন্দা

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (১৮ জুলাই) এক টুইটে এ নিন্দা জানায় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি। একই সঙ্গে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবিও করেছে।
টুইটে সংস্থাটি বলেছে, হিরো আলমের ওপর এ ধরনের হামলা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দেশটির পরবর্তী সাধারণ নির্বাচনের আগে একটি আতঙ্কের বার্তা দিচ্ছে। বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে এ হামলার নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে। নির্বাচনের আগে পরে অবশ্যই মানবাধিকারকে সব সময় সমুন্নত রাখতে হবে।
এর আগে এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আশরাফুল আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। সহিংসতা ছাড়া নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করা উচিত।
প্রসঙ্গত, সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের শেষের দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালায়। মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেয়। একপর্যায়ে তিনি বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান।



