জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা বিএনপির; বন্যা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন দলটির শীর্ষ নেতারা।
শনিবার (১ আগস্ট) ঈদের জামাত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির নেতারা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় এক প্রশ্নের জবাবে উদাসীনতা ও অবজ্ঞা পরিহার করে বন্যা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘‘ আমরা সমগ্র দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি, অনুরোধ করেছি। একই সঙ্গে সরকারকে আহবান জানাচ্ছি যে, উদাসীনতা ও অবজ্ঞা বাদ দিয়ে অবিলম্বে এই বন্যা দূর্গত মানুষদের সাহায্যার্তে তারা শুধু ত্রাণ নয়, দূর্গতদের পূর্নবাসনের ব্যবস্থা গ্রহন করবেন।” ‘‘
এবারকার বন্যা বেশ দীর্ঘস্থায়ী হবে বলে অনেকে আশঙ্কা করছেন।সেক্ষেত্রে সরকারের লং টার্ম(দীর্ঘস্থায়ী) পরিকল্পনা গ্রহন করা উচিত। যেটা তারা কখনই করেন না এবং অন্যের মতামতকে তারা কোনো প্রাধান্য দেন না।”
বণ্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘ সরকারের ত্রাণ কার্য্ক্রম কখনোই পর্যাপ্ত নয়। এখন পর্যন্ত তা আমরা দেখিনি।”
বিএনপি তার সীমিত সাধ্যের মধ্যে দূর্গতদের পাশে দাঁড়াতে দলের কেন্দ্রীয় ত্রাণ কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি।
এসময় বিএনপি চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ আমাদের নেত্রী এখনো বেশ অসুস্থ আছেন। তার সমস্যাগুলো এখনো সমাধান করা সম্ভব হয়নি। কারণ প্রকৃতপক্ষে তিনি তো চিকিতসার সুযোগই পাচ্ছেন না।আজকে দেশে যে অবস্থা হয়েছে হাসপাতালগুলোতে যাওয়া যায় না, ডাক্তার সাহেবরা আসতে পারছেন না এবং বিদেশে যেয়ে যে চিকিতসা করবেন তারও কোনো সুযোগ নেই।” ‘‘ সেই কারণে এখনো তিনি ঠিক উন্নত চিকিতসার সুযোগটা পাননি। আমরা সেই সুযোগের অপেক্ষায় আছি। ”
মির্জা ফখরুল বলেন, ‘‘ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে ছিলেন তখন প্রত্যেক বছর আমরা তাকে নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসতাম। দুর্ভাগ্য আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে এবং বিভিন্ন রকম শর্তারোপ করে তাকে রাখা হয়েছে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘‘ ঈদুল আজহার যে মূল কথা ত্যাগের মহিমায় সবাইকে উজ্জীবিত হয়ে ত্যাগ স্বীকার করে একদিকে এই ভয়ংকর ভাইরাসের সঙ্গে মোকাবিলা করা অন্যদিকে বন্যায় যে অবস্থা সৃষ্টি হয়েছে তাকে মোকাবিলা করা এবং গণতন্ত্র এর জন্য সংগ্রামকে অব্যাহত রাখতে আজকে আমরা আল্লাহতালার কাছে দোয়া চেয়েছি।” ‘‘ আমরা দোয়া চেয়েছি, আল্লাহতালা যেন সবাইকে সুস্থ রাখেন, দেশনেত্রীকে সুস্থ রাখেন এবং দেশনেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে মুক্ত হয়ে আমাদের মাঝে আসবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরে আসবেন। গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা আজকের দিনে আমরা করছি।”
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু সেখানে ছিলেন। সন্ধ্যায় সাড়ে ৭টায় গুলশানের ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করবেন দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এই সাক্ষাত।



