শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৭ এপ্রিল)।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
তিনি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত ছিলেন।
১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ গঠনে আজীবন সংগ্রাম করে গেছেন।
এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে সকাল ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।



