শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত সিনেমায় আসাদুজ্জামান নূর

রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। খ ম খুরশীদের পরিচালনায় এতে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর, নিরব, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলন।
সেখানে আসাদুজ্জামান নূর বলেন, আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবনটি তেমন নির্ঝঞ্ঝাট নয়। যে কারণে হয়তো আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনো সন্দেহ নেই।
নিজেকে কিংবদন্তি অভিনেতা ভাবেন না আসাদুজ্জামান নূর, ভাবেননি কোনোদিনও। অভিনয়ে কমিয়ে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় নিজের অভিনয় দক্ষতা হ্রাস পাচ্ছে বলেও জানালেন তিনি।
নূর আরো জানান, আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু চেষ্টা করবো।
শাজাহান খানের অনুরোধেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানান আসাদুজ্জামান নূর। তার মতে, এই সিনেমায় একটি ইতিহাসকে ধারণ করবার চেষ্টা করেছেন তার কাহিনির মধ্য দিয়ে। সে কারণে তার যে অনুরোধ, সেটা রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে।
জানা যায়, ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় আসাদুজ্জামান নূরকে দেখা যাবে শম্ভু রাজাকারের চরিত্রে। অন্যদিকে মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকছেন চিত্রনায়ক নিরব। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে।



