
➤ এম লিটন মিয়া, ঢাকা : বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল পুনর্গঠন প্রক্রিয়াকে ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা, উদ্বেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বর্তমানে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন।
সরকার নতুন করে কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ নেওয়ায় খাতসংশ্লিষ্ট চিকিৎসক, সংগঠক ও শিক্ষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হলেও চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন ও মতভেদ দেখা দিয়েছে।
সূত্র জানায়, পুনর্গঠনের অংশ হিসেবে আগামী ১১ এপ্রিল বিভাগীয় পর্যায়ে সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে নানা তৎপরতা শুরু হয়েছে। নরসিংদী হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শফিকুল ইসলামের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে বলে জানা গেছে।
তবে এ সম্ভাব্য নিয়োগ নিয়ে হোমিওপ্যাথি সংশ্লিষ্ট বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি পেশাগতভাবে দক্ষ, প্রশাসনিকভাবে অভিজ্ঞ এবং সর্বমহলে গ্রহণযোগ্য। তাদের মতে, এই পদটি শুধু সম্মানজনকই নয়, বরং দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও সেবার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিছু চিকিৎসক ও সংগঠক অভিযোগ করছেন, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কোনো বিতর্কিত ব্যক্তিকে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে তা পুরো খাতের জন্য ক্ষতিকর হতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে কাউন্সিলের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি হোমিওপ্যাথিক শিক্ষার মান ও প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে।
এ বিষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, “চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে যদি যোগ্যতা ও সক্ষমতার বিষয়টি উপেক্ষিত হয়, তাহলে তা খাতটির জন্য নেতিবাচক বার্তা বহন করবে।”
তিনি আরও উল্লেখ করেন, সরকার যদি সত্যিকার অর্থে দেশের স্বার্থে কাজ করতে চায়, তবে অবশ্যই একজন দক্ষ, অভিজ্ঞ ও সর্বদিক থেকে যোগ্য ব্যক্তিকেই এ পদে নিয়োগ দিতে হবে।
এছাড়া ডা. আরিফুর রহমান মোল্লা সাবেক সরকার মনোনীত (বোর্ড সদস্য) সাবেক সহসভাপতি জাসাস জাতীয় নির্বাহী কমিটি, সভাপতি – বাংলাদেশ হোমিওপ্যাথিকচিকিৎসক দল কেন্দ্রীয় কমিটি, তারেক রহমান খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হোমিওপ্যাথিক সংশ্লিষ্ট বিভিন্ন চিকিৎসক ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন বলে জানা গেছে।
তারা মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, যেন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয় এবং কোনো বিতর্কিত বা অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব না দেওয়া হয়।
চিকিৎসকরা আরও বলেন, হোমিওপ্যাথি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যা দেশের একটি বড় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে। তাই এই খাতের উন্নয়ন ও সুশাসনের জন্য দক্ষ নেতৃত্ব অপরিহার্য। তারা মনে করেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে কাউন্সিলকে আরও কার্যকর ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় সব ধরনের বিতর্ক, চাপ ও প্রভাব এড়িয়ে যোগ্যতা, অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। এতে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত হবে এবং খাতটি নতুন গতিতে এগিয়ে যাবে।



