বাংলাদেশ

মাহী ও আশফাহ দম্পতির সম্পত্তির হিসাব চায় দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক), বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে ।

দুদকের প্রধান কার্যালয় থেকে গত ৮ অক্টোবর সম্পদের হিসাব চেয়ে পৃথক নোটিশ পাঠানো হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘দুদক আইন, ২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) অর্পিত ক্ষমতাবলে তাদের নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করার নির্দেশ দেয়া হলো।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬ (২) উপধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যে বিষয়ে ২০১৯ সালের ২৫ আগস্ট দুদকের জিজ্ঞাসাবাদে মাহী বি চৌধুরী দাবি করেন, ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুযোগ নেই, মানি লন্ডারিংয়েরও সুযোগ নেই। বাংলাদেশের বাইরে যদি কোনও আয়-ব্যয় থাকে তা বৈধ আয় থেকেই হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button