বাংলাদেশ

ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। এ কারণে সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৪ মে) সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে; পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে। ২৬ মে নাগাদ ওড়িষা-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াস-এর কারণে ভারতীয় উপকূল অঞ্চলে মঙ্গলবার বৃষ্টিপাত শুরু হবে। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে বর্তমানে এটি ৬০০ কিলোমিটার দূরে আছে।

আগামী ২৪ ঘণ্টায় প্রবল সাইক্লোনে পরিণত হয়ে এর গতিবেগ দাঁড়াবে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার। যা ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি অতি প্রবল সাইক্লোনে পরিণত হবে।

পূবাভাস বলছে, বুধবার এটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। পশ্চিম বঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার পরদ্বীপের মাঝে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে ঝড়টি। স্যাটেলাইট ও জিপিএস রিডিং অনুযায়ী অতি প্রবল সাইক্লোনের আকার ধারণ করার পর বুধবার বেলা ১১টার দিকে ওড়িশার ভদ্রক জেলায় আঘাত করতে পারে ঝড়ের কেন্দ্রস্থল বা চোখ।

Related Articles

Leave a Reply

Back to top button