গায়ক ইলিয়াসের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে ইলিয়াসের জামিন শুনানির দিন ধার্য ছিল।
এদিন বাদী সুবহা আদালতে হাজির হন। কিন্তু ইলিয়াস অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি। এজন্য তার আইনজীবী সময় আবেদন করেন।
অপরদিকে বাদীপক্ষে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান আসামি ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।
এ সময় সুবহা কান্না জড়িত কণ্ঠে আদালতে কথা বলতে অনুমতি চান। তখন বিচারক বলেন, ‘আপনি অনেক আইনজীবী নিয়োগ দিয়েছেন, তারা তো কথা বলছে। ‘ এরপর আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২২ মার্চ জামিন শুনানির পরবর্তী দিন ঠিক করেন।



