
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা পুনর্গঠনে তার উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ সংগঠনটির মাধ্যেম ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে কয়েকটি দেশ। ওয়াশিংটনে সংগঠনটির প্রথম বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
গত মাসে গঠিত এই বোর্ডে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পশ্চিমা মিত্র দেশ যোগ দেয়নি। তাদের আশঙ্কা— ইসরায়েল-হামাস যুদ্ধ অবসানের লক্ষ্যে গঠিত এ সংস্থাটি জাতিসংঘকে পাশ কাটিয়ে বিকল্প কাঠামো দাঁড় করাতে পারে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প বৈঠকে বলেন, মনে হচ্ছে হামাস অস্ত্র সমর্পণে রাজি হতে পারে।
তবে বাস্তবে ফিলিস্তিনি গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের স্পষ্ট লক্ষণ নেই। গাজার বাসিন্দাদের ভাষ্য, হামাস বরং উপত্যকায় নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়াচ্ছে।
বৈঠকের দিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একমত হয়েছি—গাজার নিরস্ত্রীকরণ ছাড়া কোনো পুনর্গঠন হবে না।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১২শ নিহত হন ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজার ৫৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মতে, গাজায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ডলারের বেশি হবে।
যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানিসহ কয়েকটি দেশ বোর্ড অব পিসে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘকে পাশ কাটানোর অভিযোগ খণ্ডাতে ট্রাম্প বলেন, আমরা জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব, তাদের আবার সম্পৃক্ত করব।
তার দাবি, গাজা এখন আর ‘উগ্রবাদ ও সন্ত্রাসের আঁতুড়ঘর’ নয়। ট্রাম্প জানান, কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত মিলিয়ে ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে। তিনি বলেন, প্রতিটি ডলার গাজার স্থিতিশীলতায় বিনিয়োগ করা হবে।
পাশাপাশি জাতিসংঘ মানবিক সহায়তায় ২ বিলিয়ন ডলার দেবে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা গাজায় ফুটবল-সংশ্লিষ্ট প্রকল্পে ৭৫ মিলিয়ন ডলার তোলার উদ্যোগ নেবে।
বোর্ডের অধীনে গাজার জন্য উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া বুলগেরীয় রাজনীতিক নিকোলাই মালদেনভ জানান, একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শুরু প্রথম কয়েক ঘণ্টাতেই দুই হাজার আবেদন জমা পড়েছে।
তবে মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে বলে গাজার বাসিন্দারা দাবি করছেন। তাদের মতে, হামাস উপত্যকায় নিরাপত্তা ও সরকারি সেবায় নিজেদের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থার কার্যক্রমও আবার দৃশ্যমান হচ্ছে।



