গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২,৭৪২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। এরমধ্যে রাজধানীতে ১১ জন এবং ঢাকা সিটির বাইরে ২ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১ হাজার ২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৪০ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪৮২ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪ হাজার ৯৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এতে আরো বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৭২ হাজার ২২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৭২২ জন এবং ঢাকার বাইরে ৩৪ হাজার ৫০৩ জন।
এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৩৪০ জন মারা গেছেন।



