বাংলাদেশ

খুলে দেয়া হলো পায়রা সেতুর দ্বার

যান চলাচলের জন্য খুলে দেয়া হলো দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু পায়রা । পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত বহুল প্রতিশ্রুত এই সেতুটি খুলে দেওয়ার মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টায় গনবভন থেকে ভার্চুয়ালি এই সেতুর যান চলাচলের জন্য খুলে দেন। এর মাধ্যমে বরিশাল-কুয়াকাটা রুটের ফেরি চলাচল শেষ হলো।

প্রধানমন্ত্রী বলেন, ‘বরিশাল-পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি করবে এই পায়রা সেতু। কারণ পায়রা নদীর ওপর সেতু। নদীর নামে সেতুর নামটা হলে নদীটারও একটা পরিচয় পাওয়া যাবে। এজন্য আমি নামটা পছন্দ করেছি। আর পায়রা তো শান্তির প্রতীক, কাজেই এ অঞ্চলে এই সেতু হবার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে, তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে, মানুষ সুন্দরভাব বাঁচতে পারবে।’

পায়রা সেতু চালু হওয়ায় বরিশাল থেকে বাসে কুয়াকাটা যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘণ্টা। মাইক্রোবাস, প্রাইভেট কার বা মোটরসাইকেলে আরও দ্রুত যাওয়া যাবে এই অঞ্চলের পর্যটন স্পটগুলোতে।

১ হাজার ৪৭০ মিটার দীর্ঘ এবং ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এ সেতুর উভয় পাড়ে প্রায় সাত কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button