খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

খাদ্যে সয়ংসম্পূর্ণ থাকার জন্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১১ই এপ্রিল) নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আক্ষেপ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘কোভিড -১৯ মহামারীর দুটি তরঙ্গের পরে, এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব আরেকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। তাই, আমাদের নিজেদের ব্যবস্থা তৈরি রাখতে হবে এবং সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা উচিত নয় বরং আমরা যে যা করতে পারি তা উৎপাদন করতে হবে।’
সরকার প্রধান বলেন, দেশের প্রতিটি নাগরিকের উচিত তার জমি থেকে কিছু না কিছু উৎপাদন করা যা শুধু তাদের চাহিদাই মেটাবে না, দেশকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর হতেও সাহায্য করবে।
শেখ হাসিনা বলেন, বিশ্ব সংকটের কারণে দেশ যাতে কোনো সংকটের সম্মুখীন না হয় সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট সকলকে এই বার্তা প্রচার করার আহ্বান জানান যে, ‘এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না।’
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা সারা বিশ্বে ঘটেছে এবং বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।
তিনি বলেন, ‘দেশের মানুষের জীবন-জীবিকা নিরাপদ করতে আমাদের এখনই এর বিকল্প খুঁজে বের করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের পরে অনেক সমস্যা হবে, তা এড়াতে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের (বিদেশী) রিজার্ভের উপর চাপ কমাতে হবে এবং আমাদেরকে অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে।
বলেন, দেশের প্রতিটি গ্রামের উন্নয়ন করতে হবে এবং সেখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে মানুষ গ্রামে বসেই তাদের জীবন-জীবিকা চালাতে পারে।
তিনি দেশের যুবসমাজকে উৎসাহিত করার ওপর জোর দেন যাতে তারা আত্মকর্মসংস্থানে নিজেদের নিয়োজিত করতে পারে।
ক্ষমতায় থাকা ও দেশ পরিচালনার বিষয়টিকে একটি ‘সুযোগ’ হিসেবে আখ্যায়িত করে জাতির পিতার কন্যা বলেন, আমার সব সময়ের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দেশের তৃণমূল পর্যায়ের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।
আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় তিনি তাঁর দেয়া প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ এর উল্লেখ করে বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি এখন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে, এ রকম একটা কথা রটাচ্ছে। আমরা উন্নয়নের জন্য সহযোগিতা নিচ্ছি এটা ঠিক। কিন্তু সবসময় আমাদের একটা হিসেব থাকে। আমরা কিন্তু ডিফল্টার না। আমরা যেখান থেকে যত ঋণ নিয়েছি প্রত্যেকটা ঋণ আমরা কিন্তু সময় মতো পরিশোধ করেছি। আমরা কিন্তু যত রকম দুর্দশা হোক, এমনকি করোনার মাঝেও আমরা কিন্তু ঋণ খেলাপি হইনি।
দেশে শক্তিশালী বিরোধী দল না থাকার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, অপজিশন বলতে দুটো পার্টি আছে। দুটোই একেবারে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস ভঙ্গ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারি মিলিটারি ডিকটেটরদের হাতে গড়া। জনগণের কাছে তাদের অবস্থান নেই।
তিনি বলেন, ‘কাজেই তাদের ঠিক মাটি ও মানুষের সাথে যে সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা তাদের মাঝে নেই। তাদের কাছে ক্ষমতাটা ছিল একটা ভোগের জায়গা। সেই ক্ষেত্রে আসলে অপজিশন তাহলে কোথায়? এখানে একটা পলিটিক্যাল সমস্যা কিন্তু আছে’।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের কথা বলতে গেলে অনেক দল দরকার। কিন্তু দেখা যাচ্ছে, উন্নত বিশ্বে দেখলে আপনারা দেখবেন সেখানে কিন্তু মাত্র দুই দল হয়ে গেছে এখন। বেশির ভাগ ক্ষেত্রে দুই দলের বেশি শক্তিশালী দল নাই।
তিনি বলেন, ‘আবার নির্বাচনে আমি তো জানি আমেরিকার প্রায় ২৫ শতাংশ সংগঠন ইলেকশনই করে না। ইলেকশন করার বিষয়ে একটা অনীহা চলে আসে মানুষের। এটাও কিন্তু অনেক দেশে দেখা যাচ্ছে। আমাদের দেশটা ধীরে ধীরে ওরকম হয়ে যাচ্ছে।’
বিগত বিএনপি-জামায়াত আমলের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘পেছনে থেকে তাদেরকে উৎসাহ দিয়ে একবার ক্ষমতায় আনতে পারে, যেটা ২০০১ সালে এনেছিল। কিন্তু তার পরিণতি কি ছিল? বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলা ভাই সৃষ্টি, জঙ্গিবাদ সৃষ্টি, ৫শ’ জায়গায় একদিনে বোমা হামলা, অপজিশনে থাকা আমাদের ওপর গ্রেনেড হামলা, অপজিশনের অনেক নেতা-কর্মীদের ওপর হামলা।’
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক চিন্তাভাবনাটা যদি মানুষকে ঘিরে হয়, মানুষের কল্যাণমুখী হয়, সেই রাজনীতি কিন্তু টিকে থাকে, সেটাই চলে। সূত্র: বাসস।



