ঢামেকে নরমাল ডেলিভারিতে পাঁচ সন্তানের জন্ম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তবে ওজন কমসহ নানা জটিলতার কারণে নবজাতকদের এনআইসিইউতে রাখা হয়েছে। সেখানে একটি কন্যাসন্তান মারা গেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয় এক ছেলে ও চার মেয়েশিশুর। তাদের মা মনসুরা সুস্থ আছেন।
বিষয়টি নিশ্চিত করে লেবার ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি গণমাধ্যমকে জানান, একটি বাচ্চার হাত বের হওয়া অবস্থায় ওই নারী আজ সকালে লেবার ওয়ার্ডে ভর্তি হয়। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তান প্রসব করেন তিনি। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে শিশু রয়েছে।
তিনি জানান, মায়ের অবস্থা ভালো থাকলেও পাঁচ নবজাতকদের বর্তমানে এনআইসিইউতে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে।
নবজাতকদের মা মনসুরা আক্তার জানান, তাদের বাড়ি নরসিংদি জেলার শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামে। আড়াই বছর আগে সিএনজি চালক মামুনের সঙ্গে তার বিয়ে হয়। এরা তাদের প্রথম বাচ্চা। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। বুধবার নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তার গর্ভে পাঁচটি বাচ্চা আছে। সেখান থেকে তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।
তিনি জানান, আজ সকালে তারা ঢাকায় আসার জন্য পরিকল্পনা করে রাখেন। কিন্তু এর আগেই ভোরে মনসুরার প্রচণ্ড ব্যাথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।



