বাংলাদেশ

আজ হাসিনা-মোদীর ভার্চুয়াল বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)। বৈঠকে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

এদিন বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরুর কথা রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠকের আগে স্ব স্ব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলো স্বাক্ষর করবেন।

বৈঠকে যে চারটি চুক্তি সই হবে সেগুলো হচ্ছে- হাতি সংরক্ষণ, বরিশালে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও জ্বালানি সহযোগিতা (হাইড্রোকার্বন)।

এদিকে, বৈঠকের শুরুতে ভারতের পোস্টাল বিভাগের পক্ষ থেকে বঙ্গব্ন্ধুর ওপর স্ট্যাম্প ‍উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধু-বাপু (মহাত্মা গান্ধী) ডিজিটাল মিউজিয়ামের ওপর একটি প্রমো প্রদর্শন করা হবে। এছাড়া ৫৫ বছর পরে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন সংযোগ একটি ট্রেন ফ্ল্যাগ অফের মাধ্যমে পুনরায় চালু হবে।

বৈঠকে এবারও শান্তিপূর্ণ সীমান্তসহ অন্যান্য নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য সহযোগিতা, পানি সহযোগিতা, কানেকটিভিটি, কোভিড-১৯ সহযোগিতা, স্বাধীনতার ৫০ বছর পূর্তি বিদেশে যৌথভাবে উদযাপনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

বৈঠকে দুই নেতা কোভিড-১৯ পরবর্তী সময়ে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button