কুকুর নিধনের বিষয়ে অ্যাটর্নিকে মেয়রের সঙ্গে কথা বলতে বললেন হাইকোর্ট

রাজধানীতে কুকুর অপসারণ বন্ধ রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে কথা বলতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই রিট মামলার শুনানি এক মাসের জন্য মুলতবি রেখেছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। ঢাকা দক্ষিণ সিটির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
আদালতে শুনানির এক পর্যায়ে আইনজীবীরা জানান, কুকুর অপসারণ নিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের আলোচনা চলমান রয়েছে।
সাকিব মাহবুব সাংবাদিকদের বলেন, ‘কুকুর নিয়ে আলোচনা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আদালত কুকুর নিধন না করতে মৌখিক আদেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলতে বলেছেন আদালত।’
গত ১৭ সেপ্টেম্বর রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর স্থানান্তর করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
ভয়ারণ্য’ নামে প্রাণী কল্যাণ সংগঠনের সভাপতি রুবাইয়া আহমেদ, পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের চেয়ারম্যান রাকিবুল হক এমিল ও অভিনেত্রী জয়া আহসান এ রিট আবেদন দায়ের করেন। আইনজীবী সাকিব মাহবুর তাদের পক্ষে এ রিট দায়ের করেন।
রিট আবেদনে কুকুর স্থানান্তর ও ডাম্প করার বিষয়ে ডিএসসিসির কার্যক্রমের বৈধতা প্রশ্নে রুল জারির আরজি জানানো হয়েছে। রিটে ডিএসসিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।



