Leadঅন্য খবর

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ভারতের কিংবদন্তি বর্ষীয়ান সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গতকাল শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোববার (১২ এপ্রিল) দুপুরে আশা ভোসলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে আনন্দ ভোসলে। সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শনিবার রাতেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা । তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি।

এর আগে, শনিবার (১১ এপ্রিল) আশার নাতনি জানাই ভোঁসলে তার এক্স হ্যান্ডলে গায়িকার স্বাস্থ্যের খবর জানিয়ে লিখেছিলেন, ‌‘আমার দিদিমা আশা ভোঁসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বলেন, আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। চিকিৎসা চলছে। আশা করি, সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা-ই হবে, আমরা আপনাদের জানাবো।’ এরপর আজ না ফেরার দেশে চলে গেলেন এই কিংবদন্তি।

বর্ণাঢ্য সংগীতজীবন
ভারতীয় সিনেমার অন্যতম সফল, জনপ্রিয় এবং বহুমুখী এই গায়িকার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই বোন, প্রয়াত লতা মঙ্গেশকর।

১৯৩৩ সালে সাংগীতিক মঙ্গেশকর পরিবারে জন্ম আশার ভোঁসলের। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার শিল্পী হিসেবে গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৪৩ সালে রেকর্ড করেন তার প্রথম ছবির গান।

পঞ্চাশের দশকের মধ্যেই বলিউডে নিজের পাকা জায়গা তৈরি করে নেন আশা। পরের তিন দশক ধরে সিংহভাগ সুরকারের অন্যতম প্রথম পছন্দ ছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে আশাকে মূলত ক্যাবারে গানেই আটকে রাখা হয়েছিল, বর্তমানে যা ‘আইটেম সং’ নামে পরিচিত। কিন্তু সেই গণ্ডি পেরিয়ে নিজেকে বহুমাত্রিক করে তোলেন তিনি। ‘উমরাও জান’ ছবিতে তার গাওয়া গজল আজও শ্রোতাদের মুগ্ধ করে।

সাতবার সেরা গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন আশা। ‘উমরাও জান’ ছবির ‘দিল চিজ কিয়া হ্যায়’ ও ‘ইজাজত’-এর ‘মেরা কুছ সামান’ গানের জন্য দুবার তার ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার।

২০২৩ সালে হিন্দুস্তান টাইসের সঙ্গে আলাপচারিতায় সমসাময়িক সংগীতজগত নিয়ে মুখ খুলেছিলেন এই শিল্পী। তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি এখনকার গান একদমই শুনি না।

গান শুনতে হলে (প্রয়াত শিল্পী) ভীমসেন জোশির গান শুনি, উচ্চাঙ্গসংগীত এবং গজল শুনি। কারণ, এর ফলে নতুন কিছু শিখতে পারি। নিজের রেওয়াজটাও ঝালিয়ে নেওয়া যায়। এতে গায়কী আরও ভালো হয়।’

তাঁর কণ্ঠে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান, যা ভারতীয় সিনেমা ও সংগীতের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। আশা ভোঁসলের গাওয়া গান মানেই এক অনন্য বৈচিত্র্য। একদিকে, যেমন ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘ইয়ে মেরা দিল’–এর মতো ক্যাবারে ও ওয়েস্টার্ন ধারার গান।

অন্যদিকে, আবার ‘ইন আঁখোঁ কি মস্তি’, ‘মেরা কুছ সামান’, ‘দিল চিজ় ক্যা হ্যায়’–এর মতো গজল ও আধুনিক সুরে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। পাশাপাশি বাংলা গানেও তাঁর অবদান সমান উজ্জ্বল। ‘একটা দেশলাই’, ‘চোখে চোখে কথা বলো’, ‘মনে পড়ে রুবি রায়’–এর মতো গান আজও জনপ্রিয়।

উত্থান-পতনে ভরপুর ব্যক্তিগত জীবন
মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে বাড়ি ছেড়েছিলেন আশা; বিয়ে করেছিলেন ৩১ বছর বয়সি গণপতরাও ভোসলেকে। গণপতরাও ছিলেন তার ব্যক্তিগত সেক্রেটারি।

তবে শ্বশুরবাড়িতে দুর্ব্যবহারের শিকার হওয়ার পরেই সেই বিয়ে ভেঙে দেন আশা। তিন সন্তানের জন্মের পর ১৯৬০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

দীর্ঘ প্রেমের পর ১৯৮০ সালে আশা বিয়ে করেন তার চেয়ে বয়সে ছয় বছরের ছোট, প্রখ্যাত সুরকার রাহুল দেব বর্মণকে (আর ডি বর্মণ)।

কিংবদন্তি সুরকার সচিন দেব বর্মণের ছেলে রাহুলের সঙ্গে আশার এই বিয়ে মেনে নেয়নি বর্মণ পরিবার। বিশেষত রাহুলের মায়ের ঘোরতর আপত্তি ছিল। ১৯৯৪ সালে মৃত্যু হয় রাহুলের।

আশার নাতনি জানাই ভোঁসলেও গায়িকা। জীবনের শেষ দিনগুলোতে এই নাতনিই ছিলেন বর্ষীয়ান শিল্পীর ছায়াসঙ্গী।

নিউজ নাউ বাংলা/ জেডআরসি/ ১২ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button