কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। রোববার (২৩ মে) বিকেল সোয়া ৪টার দিকে তিনি কারাগার থেকে বের হন।
তার সাহসিকতার অভিনন্দন জানাতে সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকরা। ফুল দিয়ে স্বাগত জানান তারা।
সাংবাদিকতায় থাকবেন কি না , এমন প্রশ্নের জবাবে রোজিনা দৃঢ় কন্ঠে বলেন, অবশ্যই সাংবাদিকতা চালিয়ে যাবো এবং সাংবাদিকতায় থাকবো।
এসময় তার মুক্তির ব্যাপারে সাংবাদিকসহ যারা তার পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রোজিনা ইসলামকে অভিনন্দন জানাতে সেখানে উপস্থিত ছিলেন নিউজ নাউ বাংলার এডিটর শামীমা দোলা। তার মুক্তির দাবিতে চলমান আন্দোলোনে নেতৃত্বে দেওয়ায় শামিমা দোলাকে বিশেষভাবে ধন্যবাদ জানান রোজিনা।

রোজিনার পরিবারের সূত্র থেকে জানা যায়, প্রথমেই তার চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেয়া হবে। সেখানে কোভিড পরিক্ষা করে, তারপর চিকিৎসা শুরু করা হবে। সুস্থ হওয়ার পর বাসায় ফিরবেন রোজিনা।
এর আগে রোববার সকালে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন ভার্চুয়াল আদালত।
বিচারক জামিন আদেশে বলেন, ‘পাঁচ হাজার টাকা মুচলেকায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এ ছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে হবে। গণমাধ্যম ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করবেন এমন প্রত্যাশা করছি।’

উল্লেখ, সচিবালয়ে দীর্ঘক্ষণ আটক রাখার পর সোমবার (১৭ মে) রাত ৯টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় আনা হয়। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে মন্ত্রণালয়। সোমবার রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী। গত মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।
ওই দিন রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম। অপরদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন। আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেন।
আজ রোজিনার জামিন মঞ্জুর হয়।



