কাবুল বিমানবন্দরে হামলা: ১৩ মার্কিন সেনাসহ নিহত শতাধিক

আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর: ওয়াল স্ট্রিট জার্নালের।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় চার থেকে পাঁচশ মানুষ ছিল। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই নিকটবর্তী ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।
বিভিন্ন গণমাধ্যমে বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা গেছে লাশের স্তূপ। আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি।
বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগে দায়েশ আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা কয়েকটি দেশ।



