বিশ্ব

প্রথম দেশ হিসেবে ব্রিটেনে টিকাদান শুরু হচ্ছে মঙ্গলবার

বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন মঙ্গলবার থেকে ‘ফাইজার’ ও ‘বায়োএনটেক’ উদ্ভাবিত করোনার টিকা প্রয়োগ শুরু করবে। [খবর নিউইয়র্ক টাইমস] ।

নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছে, এদিন সারা বিশ্বের চোখও যুক্তরাজ্যের দিকে থাকবে।

ব্রিটেনের স্বাস্থ্য কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে আছেন। যাদের সম্মুখসারির যোদ্ধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ ও কেয়ার হোমের কর্মীরাও এ টিকা পাবেন। ইংল্যান্ডে এ টিকাদান কর্মসূচি পরিচালনার কেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্বাচন করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের কিছু হাসপাতালেও মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা মঙ্গলবার সকাল থেকে টিকাদান শুরু করবেন। বিবিসি তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রথম ধাপে প্রায় চার লাখ মানুষকে এ টিকা দেওয়া হবে। এ জন্য দেশটির সরকার চার কোটি টিকার অর্ডার করেছে।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান নির্বাহী সিমন স্টিভেনস এই কার্যক্রমকে করোনার বিরুদ্ধে যুদ্ধের গ্রহণযোগ্য সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন। আর টিকা প্রয়োগের প্রথম দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে আখ্যা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক এর যৌথভাবে উদ্ভাবিত করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় ব্রিটেন। যা মঙ্গলবার থেকে প্রয়োগ হতে যাচ্ছে। ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

ব্রিটেন অনুমোদন দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী ১১ ডিসেম্বর এ টিকা প্রয়োগের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। জার্মানিতেও এ মাসে প্রয়োগের কথা। এ ছাড়া আগামী বছরের জানুয়ারি থেকে টিকা প্রয়োগের ঘোষণা দিয়েছে স্পেন।

Related Articles

Leave a Reply

Back to top button