করোনা নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ চীনের

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ করে দিয়েছে চীন। দেশটির একজন শীর্ষ কূটনীতিকচেন ওয়েন বলেছেন, তদন্তের ওই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি মেনে নেওয়ার মানে হলো, করোনা মোকাবিলার গুরুত্বপূর্ণ কাজ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। খবর বিবিসি।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এক প্রতিবেদনে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে। আর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের সরকারি গবেষোগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কি না, তা খতিয়ে দেখছে তার প্রশাসন। চীনের বিরুদ্ধে মামলাও হয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া ও জার্মানিও সামিল হয়েছে চীন বিরোধী অবস্থানে।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্যে নিযুক্ত চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেছেন, আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সম্মত নয় তার দেশ। ‘এই মুহূর্তে আমরা ভাইরাস মোকাবিলায় ব্যস্ত। আমাদের সমস্ত মনোযোগ আর শক্তি আমরা ভাইরাস মোকাবিলার কাজে ব্যয় করছি। কেন এ নিয়ে তদন্তের প্রশ্ন আসে? এতে মনোযোগ অন্যদিকে সরে যাবে।’
চেন ওয়েন আন্তর্জাতিক তদন্তের দাবি প্রসঙ্গে আরও বলেন, ‘আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগের ব্যাপারে কোনও দেশই সম্মতি দেবে না। এই ধারার তদন্তে কারও কোনও উপকার হবে না।’



