বাংলাদেশ

করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

করোনা আক্রান্ত হয়ে মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ  টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের সংগঠন -বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (৯ মে) সংগঠন দু’টি এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে। জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে’র একটি যৌথসভা থেকে এ দাবি আদায়ের সিদ্ধান্ত আসে।

সভায় দেশব্যাপী করোনা দূর্যোগের সময় সংবাদপত্র ও টেলিভিশন মালিকদের সংগঠন নোয়াব ও অ্যাটকো’র ভুমিকায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন নেতৃবৃন্দ। বলা হয়, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজন সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরো অন্তত ৮০ জন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়ে হাসপাতাল ও ঘরে-বাইরে চিকিৎসাধীন থাকার পরেও গণমাধ্যম মালিকদের দু’টি সংগঠন এবং সম্পাদক পরিষদের মতো দায়িত্বশীল সংগঠন, দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু কার্যত তা দেখা যায়নি। এমনকি করোনায় নিহত সাংবাদিকের জন্য একটি শোক বিবৃতি/বার্তা পাঠানোর মতো দায়িত্ববোধও এ সব সংগঠনের নেতাদের দেখা যায়নি।

সভায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় সাংবাদিক হুমায়ুন কবীর খোকন, মাহমুদুল হাকিম অপু, আসলাম রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বেশকিছু আলোচ্যসূচির ভিত্তিতে সভায় যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়-

# করোনা মহামারির এই সময়ে প্রত্যেক গণমাধ্যম মালিককে কর্মরত সংবাদকর্মীদের স্বাস্থ্যগত সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

# কোনো সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গণমাধ্যম মালিককে বহন করতে হবে। একই সঙ্গে করোনা আক্রান্ত সংবাদকর্মীর পরিবারের দেখভালও করতে হবে।

# করোনায় আক্রান্ত হয়ে কোনো সংবাদকর্মী মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানের মালিককে ক্ষতিপূরণ হিসেবে প্রয়াত সংবাদকর্মীর পরিবারকে নগদ ন্যূনতম ৫০ লাখ টাকা প্রদান করতে হবে।

# কোনো গণমাধ্যম মালিক করোনা মহামারির এই সময়ে কর্মরত সংবাদকর্মীদের সুরক্ষায় উপরোক্ত দায়িত্ব গ্রহণ ও পালনে অস্বীকৃতি জানালে ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীর পরিবারের সদস্যরা আদালতে মামলা দায়ের করলে ইউনিয়ন তাতে সর্বাত্মক সহযোগিতা করবে।

# গণমাধ্যম মালিকদের সভার এসব সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়ন পদক্ষেপ গ্রহণ করবে।

# ইউনিয়নের এই সিদ্ধান্তের আলোকে গণমাধ্যম মালিকরা লিখিত নোটিশ জারি করবে নিজ নিজ প্রতিষ্ঠানের সংবাদকর্মীদের সুরক্ষার উপর।

Related Articles

Leave a Reply

Back to top button