বাংলাদেশ

কক্সবাজারে পর্যটক ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে।

রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এই মামলা ছাড়াও আশিকুলের বিরুদ্ধে নারী নির্যাতন, অস্ত্র, ইয়াবার কারবারসহ বিভিন্ন অভিযোগের আরও ১৭টি মামলা রয়েছে। চার মাস আগে কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

এর আগে এ ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। তারা হলো, কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম শাহাবুদ্দিন (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশীদ (২৮) ও কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদী হাসান (২১)।

এর আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন মামলার আরেক আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। গতকাল শনিবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্ত্বরে রোড সংলগ্ন এক ঝুপড়ী ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও তিনি ধর্ষণের শিকার হন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button