এসপি আনিসুল হত্যায় কাউকে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মোহাম্মদ আনিসুল করিম শিপনের হত্যায় জড়িত কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেসঙ্গে যেসব হাসপাতালের অনুমোদন নেই, অনিয়ম হচ্ছে– সেগুলোর বিষয়ে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি ।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যতটুকু জেনেছি, রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পরে আমরা একটা ভিডিওতে দেখলাম তাকে নিয়ে ধস্তাধস্তি করা হচ্ছে। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মারা যান বলে হৃদরোগ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আমরা এখনও তদন্ত রিপোর্টটা পাইনি। সেটি পেলে জানতে পারবো, ঘটনাটা কী ঘটেছিল। তদন্ত শেষে এ ঘটনায় আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।



