বাংলাদেশ

এসআর গ্রুপের প্রায় ২৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি

এসআর গ্রুপের মালিকানাধীন দুটো হাইওয়ে রেস্টুরেন্টে প্রায় ২০০ কোটি টাকার বিক্রয় গোপনের তথ্য বেরিয়ে এসেছে ভ্যাট গোয়েন্দার বিশেষ অভিযানে। এতে সরকার ২৬.৪৩ কোটি টাকার ভ্যাট থেকে বঞ্চিত হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ভ্যাট গোয়েন্দা গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে এসআর গ্রুপের হেড অফিস বাড়ি ৪৬, লেক রোড, নিকুঞ্জ ১ এ অভিযান পরিচালনা করে এবং অফিসের কাগজপত্র ও কম্পিউটারের তথ্যাদি জব্দ করে।

এসব জব্দকৃত কাগজপত্র যাচাই করে ভ্যাট গোয়েন্দার দল দেখতে পায় উত্তরবঙ্গে প্রতিষ্ঠানের দুটো হাইওয়ে রেস্টুরেন্ট পরিচালনা করছে।

এগুলো হলো ফুড ভিলেজ লিমিটেড, ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শেরপুর। অন্যটি ফুডভিলেজ প্লাস একই মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত।

সিরাজগন্জ ভ্যাট সার্কেল থেকে তথ্যে দেখা যায়, প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি ২০১৭ থেকে জুলাই ২০২০ পর্যন্ত ৩ বছর ৬ মাসে ফুড ভিলেজ প্লাস রেস্টুরেন্টে বিক্রয় প্রদর্শন করেছে ২৩.০১ কোটি টাকা।এর বিপরীতে ভ্যাট পরিশোধ করা হয়েছে ২.৫২ কোটি টাকা।

কিন্তু জব্দকৃত কাগজে দেখা যায় প্রকৃত বিক্রয়ের পরিমাণ ১২৩.৩০ কোটি টাকা।ফুড ভিলেজ প্লাস এই সময়ে বিক্রয় গোপন করেছে ১০০ কোটি টাকা।এখানে ভ্যাট ফাঁকি হয়েছে ৯.৪৪ কোটি টাকা।এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী মাসিক ২% হারে সুদ বর্তায় ৪.০৭ কোটি টাকা।

অন্যদিকে, একই মালিকানাধীন ফুড ভিলেজ লিমিটেড ফেব্রুয়ারি ২০১৭ থেকে জুন ২০২০ পর্যন্ত ৩ বছর ৫ মাসে মাসিক ভ্যাট রিটার্নে বিক্রয় দেখানো হয়েছে ২৩.৮৮ কোটি টাকা।এতে ভ্যাট দেওয়া হয়েছে ২.৫১ কোটি টাকা।

তবে ভ্যাট গোয়েন্দার অভিযানে এই সময়ে ফুড ভিলেজ লিমিটেডের প্রকৃত বিক্রয় ১২২.২২ কোটি টাকা পাওয়া যায়।এই তথ্য গোপন করায় ফুড ভিলেজ লিমিটেড কর্তৃক ভ্যাট ফাঁকি হয়েছে ৮.৯৩ কোটি টাকা।এতে সুদ আরোপযোগ্য হয়েছে ৩.৯৯ কোটি টাকা।

দুটো রেস্টুরেন্টে প্রকৃত বিক্রয় গোপন করা হয়েছে মোট ১৯৮.৬৩ কোটি টাকা। ভ্যাট রিটার্নে এসআর গ্রুপ প্রায় ৭২% তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে।

উক্ত অভিযানটি পরিচালনা করেন সংস্থার উপপরিচালক নাজমুন্নাহার কায়সার ও ফেরদৌসী মাহবুব। তিনি জানান, রেস্টুরেন্ট ছাড়াও দি গ্রেট কাবাব ফ্যাক্টরি, সুং ফুড গার্ডেন, এসআর ট্রাভেল ও পার্সেলসহ অন্যান্য প্রতিষ্ঠানের কাগজপত্রও আটক করা হয়। এসব তথ্য সংশ্লিষ্ট ভ্যাট রিটার্নের সাথে আড়াআডি় যাচাই করে প্রতিবেদন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button