বাংলাদেশ

মানুষ যেভাবে বাড়ি গেল, তাতে আমরা মর্মাহত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঢল দেখে আমরা মর্মাহত।

বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এটি আশা করব, তারা যেন নিজের জায়গায় গিয়ে বেশি ঘোরাফেরা না করেন। তারা যেন ভাইরাসটা ছড়িয়ে না দেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যাতে ভাইরাসটি ছড়িয়ে না যায়।

মন্ত্রী বলেন, এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও দেশটির নাগরিকদের ধন্যবাদ জানাই। আমরাও চীনের পাশে দাঁড়িয়েছিলাম, যখন চীনের উহানে করোনা ছড়িয়েছিল।

তিনি বলেন, এই পাঁচ লাখ ভ্যাকসিন আমরা দুই ডোজ করে আড়াই লাখ লোককে দিতে পারবো। আমাদের দেশে যা প্রয়োজন তা দুই দিনেই লেগে যেতে পারে। আমরা চেষ্টা করছি আরও ভ্যাকসিন আনার জন্য। যাতে যাদের ভ্যাকসিন প্রয়োজন সবাইকে যেন দিতে পারি।

আমরা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছি পরবর্তীতে ভ্যাকসিন আনার বিষয়ে। তিনি আমাদের জানিয়েছেন, চীন বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। আমি অনুরোধ করেছি, প্রতি মাসেই ভাগ করে ভ্যাকসিন দেওয়ার জন্য, যেন আমরা টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে পারি। তারা আশ্বাস দিয়েছে, এ বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবে।

চীন জুন-জুলাইয়ে নতুন করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button