বাংলাদেশ

ইতিহাস গড়লেন তারেক রহমান

➤ ২০ বছর পর সরকার গঠনের পথে বিএনপি

➤ তারেক রহমানই বিশ্বরাজনীতির প্রথম ব্যক্তি যার বাবা জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি, মা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আর তার একমাত্র উত্তরসূরি জাইমা রহমানকেও সেভাবে গড়ে তুলছেন তারা।

দীর্ঘ ২০ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর এই দলটির চেয়ারম্যান হিসেবে আছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গেল বছরের ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখেন। পাঁচদিন পর মাকে হারান তিনি। শোক কাটিয়ে ওঠার আগেই নির্বাচনী মাঠে নামে তিনি। মাত্র ৪০ দিনের অক্লান্ত পরিশ্রমে বাবা-মায়ের হাতে গড়া দল বিএনপিকে তুলে আনেন সর্বোচ্চ শিখরে।

তারেক রহমানই বিশ্বরাজনীতির প্রথম ব্যক্তি, যার বাবা জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি, মা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আর তার একমাত্র উত্তরসূরি জাইমা রহমানকেও সেভাবে গড়ে তুলছেন তারা। হয়ত এই বাংলাদেশে জাইমা রহমানও একদিন দাদা-দাদি ও বাবার দেখানো পথে আসীন হতে পারেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় ধরে নারী নেতৃত্বের অধ্যায় চলে আসছে। খালেদা জিয়া ও শেখ হাসিনা নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে প্রায় ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, অর্থাৎ ৩৫ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে দুজন নারী দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ মেয়াদে দেশের রাজনৈতিক চিত্র, নীতি ও নেতৃত্বের ধরন অনন্যভাবে গড়ে উঠেছে।

এখন সেই ধারাবাহিকতায় নতুন পরিবর্তনের হাওয়া বইতে চলেছে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের শাসনভার গ্রহণের প্রাক্কালে রয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক বোঝাপড়া পার করে তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে প্রতিবেশি ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদ। এর পর দেড় বছর ধরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি দল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। ঘোষিত ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২১২ আসনে জয় পেয়েছেন তারেক রহমানের নেতৃত্বাধীন ধানের শীষ ও জোট প্রার্থীরা।

অন্যদিকে জামায়াতে ইসলামী জোট ৭৭ প্রার্থীর জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন।

শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য ৩০০ আসনের জাতীয় সংসদে অন্তত ১৫১টি আসনে বিজয়ী হতে হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি। অভাবনীয় কোনো পরিবর্তন না হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (প্রয়াত) রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। সেই সরকারেরও প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। বিগত ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।

বিএনপির ওয়েবসাইট ও মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন।

২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে থেকেই যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন।

গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ৬০ বছর বয়সী তারেক রহমানের নেতৃত্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয় অর্জন করে বিএনপি।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর বিশেষ প্রেক্ষাপটে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। ইতিহাসে এই প্রথম সংসদ ও গণভোট একই দিনে হওয়ায় ভোটারদের বিশেষ আগ্রহ ছিল। নির্বাচন পর্যবেক্ষণে পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি ছিল ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন আয়োজন করা। বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ভোটে তার এ আকাক্ষার প্রতিফলন ঘটেছে বলে অনেকে মনে করেন।

Related Articles

Leave a Reply

Back to top button