বাংলাদেশ

ইডেনের ঘটনা তদন্তে কলেজ প্রশাসনের ৪ সদস্যের কমিটি

ইডেন মহিলা কলেজের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ২৫ সেপ্টেম্বর চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে কলেজ প্রশাসনের পক্ষ থেকে। জানান কমিটিতে থাকা চারজন শিক্ষক সংঘর্ষের কারণ খতিয়ে দেখছেন। তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং সুন্দর রয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করছেন। এই শান্ত পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে গণমাধ্যমে যারা রয়েছেন তাদের সহযোগিতা করতে হবে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নির্যাতনের অভিযোগ এনে কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা এবং তাদের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এরপর থেকে দুই গ্রুপের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর জেরে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে কলেজ ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Back to top button