ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করলো রাশিয়া

রাশিয়ায় অবস্থানরত জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে অংশ নেয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান জোসেফ বোরেল বৈঠক করার কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা আসে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পর কূটনীতিকদের বহিষ্কারের এই ঘোষণা এলো।
এদিকে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাশিয়ার এমন দাবি অস্বীকার করে জানিয়েছে, তাদের কূটনীতিক এ ধরনের কোনো বিক্ষোভে অংশ নেননি।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে রাশিয়ায় বিষ প্রয়োগের শিকার হয়ে নাভালনি জার্মানির বার্লিনে গিয়ে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। ৩ ফেব্রুয়ারি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন মস্কোর একটি আদালত। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে এ কারাদণ্ড দেওয়া হয়। নাভালনির সাজার রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন তার সমর্থকেরা। তার সমর্থনে রাশিয়াজুড়ে হাজারো মানুষ বিক্ষোভ করেন। মস্কোয় চলা বিক্ষোভে সহিংসতা হয়েছে।



