ইউক্রেনের মারিউপোলে অস্ত্রবিরতি ঘোষণা রাশিয়ার !

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে মানবিক করিডোরের আওতায় সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে এই মানবিক করিডোর উন্মুক্ত হবে। খবর: আল জাজিরা
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এই মানবিক কাজটি সফল করার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব করেছি।
উল্লেখ, ২১ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
অন্যদিকে ইউক্রেনও নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। বৃহস্পতিবার ৩৬তম দিনে গড়িয়েছে পারস্পরিক এ অভিযান।



