বিশ্ব

গ্রিসে টিকা না নিলেই দিতে হবে জরিমানা

ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ গ্রিস ৬০ বছর থেকে তদূর্ধ্ব বয়সিদের জন্য করোনাভাইরাসের (কোভিড) টিকা বাধ্যতামূলক করছে। দেশটিতে কেউ এ নির্দেশনা অমান্য করলে অর্থাৎ জানুয়ারি থেকে টিকা নিতে অস্বীকার করলে জরিমানা করা হবে। খবর বিবিসি।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস বলেছেন, কোভিড টিকা প্রত্যাখ্যানকারীদের ওপর জানুয়ারির মাঝামাঝি থেকে মাসিক বিরতিতে ১০০ ইউরো হারে জরিমানা আরোপ করা হবে। টিকা প্রত্যাখ্যানকারীদের জরিমানার অর্থ গ্রিসের স্বাস্থ্য খাতে জমা হবে।

গ্রিসের এক কোটি ১০ লাখ জনসংখ্যার প্রায় ৬৩ শতাংশ কোভিড টিকার পূর্ণ ডোজের আওতায় এসেছে। কিন্তু বিবিসির তথ্য অনুযায়ী, দেশটির ষাটোর্ধ্ব পাঁচ লাখ ২০ হাজারের বেশি লোক এখনও টিকা পাননি।

গ্রিসের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘ষাটোর্ধ্ব বয়সি গ্রিকদের অবশ্যই ১৬ জানুয়ারির মধ্যে প্রথম ডোজ টিকার জন্য নিবন্ধিত হতে হবে।’ ‘তাদের টিকা নেওয়া এখন থেকে বাধ্যতামূলক’, যোগ করেন গ্রিসের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জানান, ষাটোর্ধ্ব বয়সিদের টিকা বাধ্যতামূলক করার বিষয়টি এখনও পার্লামেন্টে ভোটাভুটির জন্য উত্থাপন করা হয়নি। তবে, আইনপ্রণেতারা এটি অনুমোদন করবেন বলেই আশা করছেন গ্রিসের প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button